২৫ মে, ২০০৬

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের মহাসমাবেশ  

৯ দফা দাবি আদায় এবং ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে 'বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট'-এর আহ্বানে আজ ২৫ মে, ২০০৬ ঢাকার মুক্তাঙ্গনে অনুষ্ঠিত হলো চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মহাসমাবেশ ৷ এম.পি ও আমলাদের হস্তক্ষেপমুক্ত স্বশাসিত ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা এবং থোক বরাদ্দ ও সম্মানী ভাতাবৃদ্ধিসহ অবিলম্বে সকল দাবি বাস্তবায়নসহ সাংবিধানিক আকাঙ্ক্ষার ভিত্তিতে স্থানীয় সরকার ব্যবস্থা তথা ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয়ে স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এবং বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)-এর সমন্বয়ে গঠিত ঐক্যজোট এই মহাসমাবেশ কর্মসূচি আয়োজন করে

মহাসমাবেশে সভাপতিত্ব করেন জনাব গোলাম সারোয়ার, সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট ৷ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মতিউর রহমান তপন, মহাসচিব, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট৷ আরও বক্তব্য রাখেন চেয়ারম্যান মোস্তফা কামাল, রংপুর; আব্দুল মানান খান, ঢাকা; মেম্বার লক্ষ্মী রানী সরকার, গোপলগঞ্জ; মাহবুবার্ রহমান টুলু, গাইবান্ধা; মোস্তাকুর রহমান মফুর, সিলেট; মনোরঞ্জন মণ্ডল, খুলনা; থোয়াই চিং মারমা, বান্দরবান; আনোয়ার হোসেন বাবুল, ঝালকাঠি; বেলায়েত হোসেন বেলু, সফি আহম্মদ সালমান, হাসান রকিব আযাদ, মোঃ আবুল হোসেন খান, রাজবাড়ি, গোলাম সারোয়ার মিলনসহ অর্ধশতাধিক নির্বাচিত ইউপি প্রতিনিধি
বক্তাগণ স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর এমপি ও আমলাদের নিয়ন্ত্রণের কথা বলেন ৷ তারা সবাই দেশে সুশাসন কায়েম এবং স্থানীয় পর্যায়ে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনিয়ন পরিষদের ওপর যাবতীয় নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে বলে জানান ৷ জনপ্রতিনিধিগণ অবিলম্বে ইউনিয়ন পরিষদ ঐক্যজোট ঘোষিত ৯ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান

আগামী ৭ জুনের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন না হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন ৷ ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৮ জুন দেশের সকল ইউনিয়ন পরিষদে কর্মবিরতি এবং সকল জেলায় সমাবেশ ও বিক্ষোভ করা হবে ৷ ১৮ জুন অনুষ্ঠিত হবে সংসদ অভিমুখে পদযাত্রা ও মাননীয় স্পীকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে
সমাবেশে সারা দেশ থেকে পাঁচ সহস্রাধিক স্থানীয় সরকার প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন

 


Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh